কুষ্টিয়ায় ব্যতিক্রমী কলাগাছের ভেলা বাইচ অনুষ্ঠিত
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: নৌকা বাইচ সচরাচর দেখা গেলেও কলাগাছের ভেলায় চড়ে প্রতিযোগিতার এক ব্যতিক্রমী ও আনন্দদায়ক আয়োজনের সাক্ষী হলো কুষ্টিয়ার কুমারখালী। উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া খালে চড়াইকোল হয়তাপাড়া যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আকর্ষণীয় ভেলা বাইচ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে খালের দুই পাড়ে উপচে পড়া দর্শকের উপস্থিতিতে প্রতিযোগিতাটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে ও স্থানীয়দের সুস্থ বিনোদন দিতে আয়োজিত এই বাইচে মোট ১৬টি দল অংশ নেয়। প্রতি দলে ৪ জন করে মাঝি উপস্থিত ছিলেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ‘তামিম ডেকোরেটর’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘ঝঙ্কার এক্সপ্রেস’। এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে যথাক্রমে ‘গ্রাম বাংলা এক্সপ্রেস’ ও ‘ভাই ভাই এক্সপ্রেস’। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি বড় খাসি ছাগল, রানার্সআপ দলকে ছোট খাসি ছাগল এবং তৃতীয় ও চতুর্থ দলকে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি করে দেশি মোরগ প্রদান করা হয়।
স্থানীয় প্রবীণ ও উৎসুক দর্শকেরা এ ধরনের আনন্দদায়ক আয়োজন নিয়মিত করার দাবি জানান। আয়োজক কমিটির সদস্য আবু কাউসার অপু বলেন, দীর্ঘদিন ধরে বিনোদনবঞ্চিত গ্রামের মানুষকে একটু আনন্দ দিতেই তাদের এই ব্যতিক্রমী প্রয়াস।
এআইএল/সকালবেলা