জামায়াত-শিবিরের সঙ্গে সভ্য সমাজের মানুষ মেশে না: রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক: সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, এই দলটি তাদের নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্নভাবে বসবাস করে।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে জামায়াত-শিবিরের রাজনৈতিক আদর্শ, সাইবার তৎপরতা এবং তাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষায় এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। তবে সাধারণ মানুষের কণ্ঠস্বর রুদ্ধ করার চেষ্টা করা হলেও তিনি তাদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বের হয়ে আসার পর সচেতন মানুষের কাছে জামায়াত-শিবির সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। তাদের আমির থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত প্রায় সবাই একই রাজনৈতিক চরিত্রের অধিকারী। তারা কখনো যুক্তি বা তথ্য দিয়ে বিতর্কের জবাব দেয় না, বরং সম্মিলিত সাইবার অ্যাটাক বা দলীয় প্রোপাগান্ডার মাধ্যমে বিরোধীদের থামিয়ে দেওয়ার চেষ্টা করে।
নিজের বিরুদ্ধে জামায়াত নেতাকর্মীদের সোচ্চার হওয়ার কারণ ব্যাখ্যা করে রাশেদ খাঁন বলেন, যখনই তিনি তাদের মিথ্যা ন্যারেটিভগুলো খণ্ডন করে তছনছ করে দিয়েছেন, ঠিক তখনই দলটির নেতাকর্মীরা তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্যই প্রমাণ করে যে তার সত্য প্রকাশে দলটির কতটা ক্ষতি হয়েছে।
পোস্টে তিনি আরও দাবি করেন, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে একজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য প্রমাণ তুলে ধরা এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ও আমির হামজার নারীঘটিত বিভিন্ন অনৈতিক কাণ্ড প্রকাশিত হওয়ার পর জামায়াত নেতাদের আসল মুখোশ উন্মোচিত হয়ে গেছে। আর এ কারণেই তারা এখন পাগলের মতো তার বিরুদ্ধে নেমেছে।
বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকে জামায়াত-শিবির এক ধরনের জাহেলিয়াতের চর্চা শুরু করেছে উল্লেখ করে রাশেদ খাঁন তার পোস্টে ভবিষ্যৎ শঙ্কা প্রকাশ করে বলেন, এমন একটা সময় আসবে যখন সাধারণ মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও ঘেঁষতে চাইবে না।
সকালবেলা/ নুসরাত