প্রশাসন আন্তরিক হলেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব: চিফ হুইপ
অনলাইন ডেস্ক: সরকারের গৃহীত নীতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, সরকার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করে আর সরকারি কর্মকর্তারা সেই পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়ন করেন। প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করলেই কেবল দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।
আজ মঙ্গলবার (১৯ মে) বরগুনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ উদাহরণ টেনে বলেন, যুক্তরাষ্ট্রে সরকার বদলের সময় হাজার হাজার কর্মকর্তা পরিবর্তিত হন, যা প্রশাসনকে আরও গতিশীল করে। একইভাবে আমাদের কর্মকর্তাদেরও কর্মস্থলে নিয়মিত উপস্থিত থেকে উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে। বিভাজনের রাজনীতি পরিহার করে অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি জাতীয় স্বার্থে সিঙ্গাপুরের মতো রাজনৈতিক ঐকমত্যের তাগিদ দেন তিনি।
উপকূলীয় অঞ্চলের সম্ভাবনা তুলে ধরে মো. নূরুল ইসলাম বলেন, এই অঞ্চলের বহুমুখী উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় অথবা বিশেষ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা প্রয়োজন। এখানে অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্রবন্দর, পর্যটন ও জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আইনশৃঙ্খলা সভায় তিনি বরগুনায় সাম্প্রতিক সময়ে এক শিশুর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা এবং মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেন। সরকার কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ শতাধিক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে উল্লেখ করে পরে তিনি স্থানীয় কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করেন। জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
|