খাল খননে স্বচ্ছতার নজির: ১ কোটি ৮০ হাজার টাকা ফেরত
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের তত্ত্বাবধানে ভাঙ্গা ও সদরপুর উপজেলায় চারটি খাল খনন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহারের অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর উদ্বৃত্ত মোট ১ কোটি ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
এর মধ্যে ভাঙ্গা উপজেলায় খাল খনন শেষে অব্যবহৃত ৬৪ লাখ ৩৯ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। অন্যদিকে সদরপুর উপজেলায় দুটি খাল খনন প্রকল্পের কাজ শেষে ৩৬ লাখ ৪০ হাজার টাকা ফেরত দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, উন্নয়ন কাজের প্রতিটি ধাপে সততা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য ছিল। ভুয়া বিল-ভাউচার ঠেকিয়ে সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করে বাকি টাকা ফেরত দেওয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক প্রকল্প পরিদর্শনে এসে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা নয়-ছয়ের সুযোগ দেওয়া হয়নি। সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও উদ্বৃত্ত টাকা ফেরত প্রদানকে তিনি সুশাসনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সরকারি উন্নয়ন প্রকল্পে প্রশাসনের এমন স্বচ্ছতা ও অনিয়ম রোধের পদক্ষেপ ভবিষ্যতে জনগণের আস্থা আরও বৃদ্ধি করবে।
এআইএল/সকালবেলা
|