নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম চালাতে দেওয়া হবে না: ডিবি প্রধান
স্টাফ রিপোর্টার: দেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কেউ আইনবিরোধী তৎপরতায় লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডস্থ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোয়েন্দা প্রধান এসব কথা বলেন।
ডিবি প্রধান শফিকুল ইসলাম স্পষ্ট ভাষায় বলেন, "আইন দ্বারা যাদের রাজনৈতিক কার্যক্রম বারিত ও নিষিদ্ধ করা হয়েছে, তাদের কোনো ধরনের অপতৎপরতা বা কার্যক্রম দেশে চালাতে দেওয়া হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান অত্যন্ত কঠোর।"
ঢাকা মহানগরবাসীর জানমালের সার্বিক নিরাপত্তা বিধান পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক অপচেষ্টা নস্যাৎ করে দিতে পুলিশ বাহিনী সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে।
আগামী ডিসেম্বরে বিদেশে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং তা কেন্দ্র করে নিষিদ্ধ দলের নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা সম্পর্কিত প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, ডিসেম্বর ঘিরে সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য বর্তমানে পুলিশের কাছে নেই। তবে রাজনৈতিক কর্মসূচির নামে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা