সলঙ্গায় যুবককে বলাৎকার ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ
আব্দুর রাজ্জাক বাবু (সিরাজগঞ্জ প্রতিনিধি): সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের নয়াপাড়া রশীদপুর এলাকায় এক অটোভ্যানচালক যুবককে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় ভুক্তভোগী যুবক মিলন হোসেন (৩০) গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সলঙ্গা থানায় উপস্থিত হয়ে চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন— হাটিকুমরুল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের লিটনের ছেলে হৃদয় হোসেন, শামসুলের ছেলে শফি আহম্মেদ, শফির ছেলে নাঈম আহম্মেদ এবং ইসমাইলের ছেলে সিয়াম হোসেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে ভুক্তভোগী যুবক নয়াপাড়া রশীদপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরবর্তীতে স্থানীয় একটি দোকানের পাশে অবস্থানকালে অভিযুক্তরা কৌশলে তাকে পাশের একটি নির্জন বাঁশবাগানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে বিবস্ত্র করে সংঘবদ্ধভাবে বলাৎকার করা হয়। এ সময় অভিযুক্তদের মধ্যে দুজন মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ইমু অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীর স্বজনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী মিলন হোসেন জানান, পরিবারের সঙ্গে আলোচনা করে ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ দিয়েছেন। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা