লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

প্রকাশ: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

মেহেদী মাছুম (রায়পুর প্রতিনিধি): লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সুপারি পাড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও কলেজছাত্রীসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় স্বর্ণালংকার, মোবাইল ফোন ছিনতাই ও পাড়াকৃত সুপারি লুটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আতর আলী কোম্পানী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আয়েশা বেগম, পারভীন বেগম, কলেজছাত্রী জান্নাতুল ফেরদাউস (নিপা) ও তৌহির হোসেন।

বুধবার (৭ অক্টোবর) সকালে আহত আয়েশা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, মঙ্গলবার শ্রমিকদের নিয়ে নিজেদের ক্রয় করা জমিতে সুপারি পাড়তে যান তিনি। এ সময় সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাবুলের নেতৃত্বে কয়েকজন এসে তাদের বাধা দেয়। একপর্যায়ে আয়েশা বেগম, পারভীন বেগম ও তার কলেজপড়ুয়া মেয়েকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে আয়েশার মেয়ের দাঁত ভেঙে যায়।

স্বজনদের দাবি, হামলাকারীরা পারভীন বেগমকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং তাদের গলা থেকে প্রায় দেড় ভরি স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নেয়। এছাড়া বাগান থেকে পেড়ে রাখা প্রায় ১০ কাউন সুপারি লুট করে নিয়ে যায়।

তবে সব অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবুল বলেন, "আমি এই হামলার সঙ্গে জড়িত নই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ভাই তৌহির হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।" অপর অভিযুক্ত রাজুও নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে তার বাবার ওপর হামলার বিচার দাবি করেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, সুপারি পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা