নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সামরিক চুক্তি সই হলে, তা দেশের জাতীয় স্বার্থ রক্ষা করেই হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ শনিবার (২৩ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) এবং অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) চুক্তি ঠিক কবে নাগাদ সই হচ্ছে?— সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হয়েছিল।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, এই বিষয়টি শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের একার নয়, এর সঙ্গে সামরিক বাহিনীর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। যেহেতু এখানে নানা স্টেকহোল্ডার (অংশীজন) জড়িত, তাই সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যেকোনো চুক্তি হলে সেখানে দেশের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।