জান্নাতুল সুমাইয়া হিমি
বিনোদন ডেস্ক: বাংলা নাটকের পরিচিত ও জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও চমৎকার অভিনয় করে কুড়িয়েছেন দর্শকপ্রিয়তা। ক্যারিয়ারের কাজ নিয়ে বরাবরই ব্যস্ত সময় পার করতে দেখা যায় তাকে। এদিকে আর কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের মহারণ— ফুটবল বিশ্বকাপ। তার আগেই নিজের ফুটবলপ্রীতি ও পছন্দের দল নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবল খেলায় নিজের পছন্দের দল সম্পর্কে বলতে গিয়ে হিমি জানান, তিনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কট্টর সমর্থক।
দলটি নিয়ে নিজের ভালোলাগার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। সত্যি বলতে খেলা অতটা বুঝি না, অনেকটা না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখতাম আমার ভাইয়া আর আমার বাবা ব্রাজিলের সাপোর্ট করতেন। সেখান থেকেই মূলত দলটির প্রতি ভালোবাসা। তবে এখন ব্রাজিল সাপোর্ট করতে গিয়ে বন্ধুদের কাছে অনেক পচানি (টিপ্পনী) খাই।’
ছোটবেলায় ব্রাজিলিয়ান ফুটবল তারকা কাকার প্রতি তীব্র মুগ্ধতা ছিল জানিয়ে হিমি আরও বলেন, ‘নেইমারকে নিয়েও সামনে আরেকটা পচানি খাওয়ার অপেক্ষায় আছি। ছোটবেলায় যখন খেলা দেখতাম, তখন কাকা খেলতেন। তাকে দেখে ছোটবেলায় খুব ক্রাশ খেয়েছিলাম, কারণ দেখতে অনেক সুন্দর ছিলেন। তবে এখন কাজের প্রচণ্ড চাপের কারণে ওভাবে ফুটবল ম্যাচ দেখা হয় না। তবে ওই যে, পারিবারিকভাবেই আমি একজন লয়াল ব্রাজিল সাপোর্টার।’
উল্লেখ্য, ছোটপর্দায় অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে জান্নাতুল সুমাইয়া হিমির জুটি বেশ দর্শকপ্রিয়। পর্দায় একসঙ্গে এই জুটিকে বহু হিট নাটকে অভিনয় করতে দেখা গেছে। জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এই অভিনেত্রীর প্রায় ৩০টির মতো নাটক বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। এই মুহূর্তে সেই ঈদের নাটকের শুটিং ও ডাবিং নিয়েই চরম ব্যস্ত সময় পার করছেন তিনি।