রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান
নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরও একটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।
সেনাবাহিনী, এসআরবি ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় সড়কপথে পারমাণবিক জ্বালানি রূপপুরে নেওয়া হয়। ঢাকা থেকে রূপপুর পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে ও নিরাপদে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে মহাসড়কে যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম আগেই জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনার কথা রয়েছে।
এদিকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রম শেষে আগামী জানুয়ারিতে জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।