ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সারা দেশে আগামী পাঁচ দিন তাপমাত্রা বাড়তে পারে এবং গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে নদী অববাহিকার কিছু এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়জুড়ে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, প্রথম দুই দিন ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রা প্রসঙ্গে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার ও মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরদিন বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ