ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বিকেলে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠেয় এই সভায় প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থেকে বক্তব্য দেবেন দলটির চেয়ারম্যান ও সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হবে। মহান স্বাধীনতার ৫৬ বছর পূর্তি ও ৫ মাস আগে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পর এটি দলটির অন্যতম বড় রাজনৈতিক কর্মসূচি।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে দেশের বর্তমান গণতান্ত্রিক পরিকাঠামো শক্তিশালীকরণ, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তার সরকারের কর্মপরিকল্পনা ও রূপরেখা তুলে ধরবেন। এছাড়া স্বাধীনতার মূল চেতনা ‘সাম্য ও মানবিক মর্যাদা’ প্রতিষ্ঠায় বিরোধী দলসহ সকল অংশীজনকে সঙ্গে নিয়ে পথ চলার আহ্বান জানাতে পারেন তিনি।
এর আগে গতকাল ২৬ মার্চ ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা সভাকে কেন্দ্র করে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই সভায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ