ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) : সৌদি আরবের আল খারিজ শহরে এক ভয়াবহ মিসাইল হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা প্রবাসী বাচ্চু মিয়া।
শুক্রবার (২৭ মার্চ ) জুমার নামাজের পর প্রবাসেই তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে কটিয়াদীতে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাসী সূত্রে জানা গেছে, আজ জুমার নামাজের পর সৌদি আরবের আল খারিজ শহরের একটি স্থানীয় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানাজায় রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত, লেবার উইংয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
নিহত বাচ্চু মিয়া জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র প্রধান উপার্জনকারী। মরদেহ দেশে আনা সম্ভব না হওয়ায় পরিবারের সদস্যরা শেষবারের মতো তাঁর মুখ দেখতে পারেননি—যা তাঁদের শোকের মাতমকে আরও ভারি করে তুলেছে। একটি মাত্র মিসাইল হামলায় নিভে গেল একটি পরিবারের আশার প্রদীপ, যার ফলে পরিবারটি এখন চরম আর্থিক ও মানসিক বিপর্যয়ের মুখে পড়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর কটিয়াদীর এলাকাবাসীর মাঝে গভীর শোক ও স্তব্ধতা বিরাজ করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পরিবারটির ভবিষ্যৎ পুনর্গঠনে সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ