রাণীনগরে ১৫ জন অসচ্ছল নারী পেল সেলাই মেশিন

রাণীনগরে ১৫ জন অসচ্ছল নারী পেল সেলাই মেশিন

আবু ইউসুফ, নওগাঁ : "শুভ কাজে সবার পাশে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ১৫ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বসুন্ধরা শুভসংঘ রাণীনগর উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ নওগাঁ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন মিন্টুর সভাপতিত্বে এবং রাণীনগর উপজেলা শাখার সভাপতি এসএম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল হাসান বলেন, "তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ বসুন্ধরা শুভসংঘের একটি অত্যন্ত মহৎ উদ্যোগ। এই সেলাই মেশিন কাজে লাগিয়ে নারীরা তাঁদের দক্ষতাকে আয়ের উৎসে পরিণত করতে পারবেন এবং পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন। এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলে আমি আশা করি।"

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, "সারাদেশে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। রাণীনগরের এই ১৫ জন নারীকে দক্ষ করে গড়ে তোলার পর আজ তাঁদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হলো। এর মাধ্যমে তাঁদের জীবিকার এক নতুন দুয়ার খুলে গেল।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো: মামুন, শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, প্রচার সম্পাদক শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব, রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সাবেক সভাপতি ওহেদুল ইসলাম মিলনসহ কালের কণ্ঠ, বাংলানিউজ২৪ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

তিন মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর এই সেলাই মেশিনগুলো হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রশিক্ষণার্থী নারীরা।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন