ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে একাধিক সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিনি এই উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করেন।
এদিন প্রতিমন্ত্রী মোয়াজ্জেমপুর-দত্তপুর সড়ক, রায়পাশা হাফিজিয়া মাদ্রাসা থেকে জসধর শাহ মাজার সড়ক এবং কপালহর-লংঙ্গারপাড় সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি তিনি পশ্চিম দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনেরও উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, "নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করা আমাদের লক্ষ্য। ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন এবং কৃষি কার্ডের মতো জনবান্ধব উদ্যোগগুলো এরই প্রমাণ।" তিনি আরও জানান, নান্দাইলের প্রায় ৬০টি গুরুত্বপূর্ণ সড়ক ও সেতুর উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি খাতের উন্নয়নে পর্যায়ক্রমে সব প্রকল্প বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, আবুল খায়ের বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ