ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে সরকার

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ণ
ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শান্তিকেন্দ্রিক ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। আন্তর্জাতিক সহযোগিতা, সংলাপ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শকে ধারণ করেই বর্তমান সরকার কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার ঢাকার সেনাকুঞ্জে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই দক্ষতা, পেশাদারিত্ব ও সক্ষমতার স্বাক্ষর রেখেছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত।

তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা শুধু জাতীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একই সঙ্গে শান্তিরক্ষা মিশনে আত্মত্যাগকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি সুদানে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি ‘ড্যাগ হামারশোল্ড পদক’ মরণোত্তর প্রদান করা হয়েছে। শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়াও বাংলাদেশের অগ্রগতির গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন