দেশে জ্বালানি সংকটের নেপথ্যে কী?

দেশে জ্বালানি সংকটের নেপথ্যে কী?

মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত যথেষ্ট জ্বালানি মজুত থাকলেও কৃত্রিম সংকট ও আতঙ্কে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে চাপ বাড়ছে। তেল কিনতে কোনো কোনো পাম্পের লাইন কয়েক কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। মিলছে না চাহিদামাফিক জ্বালানি।

শনিবার (৭ মার্চ) সরেজমিনে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কিংবা কৃত্রিম সংকটের গুজবে পাম্পগুলোতে গ্রাহকদের অস্বাভাবিক ভিড় তৈরি হয়েছে। এই আকস্মিক চাপের কারণে অনেক পাম্পের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে গতকাল জ্বালানি বিক্রির সর্বোচ্চ সীমা বা রেশনিং পদ্ধতি নির্ধারণ করে দিয়েছে সরকার।

রাজধানীর মহাখালীর পরিচিত পেট্রোল পাম্প ‘ক্লিন ফুয়েল’। সরকারের ঘোষণার পর আজ সকাল থেকে এই পাম্পে অকটেন ও পেট্রোল নেই। ফলে তেল না পেয়ে অনেক ক্রেতাকে ফিরে যেতে হচ্ছে।

পেট্রোল পাম্প মালিক সমিতির (একাংশ) সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, আতঙ্কিত হয়ে মানুষ অতিরিক্ত তেল কেনায় কিছু পাম্পে সংকট তৈরি হয়েছে। এ ছাড়া আজ শনিবার ছুটির দিন হওয়ায় তেলের গাড়ি চলাচল বন্ধ। তবে দেশে তেলের কোনো ঘাটতি নেই, আগামীকাল থেকে সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন