বিদেশি স্বার্থ ও করপোরেট লবির জন্য ইরান যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: জো কেন্ট

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ণ
বিদেশি স্বার্থ ও করপোরেট লবির জন্য ইরান যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: জো কেন্ট

অনলাইন ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৪৭ বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। অথচ এই বিপুল পরিমাণ অর্থ নিজ দেশের অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হলে সাধারণ মার্কিন জনগণ সরাসরি উপকৃত হতো বলে মন্তব্য করেছেন দেশটির ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের সাবেক পরিচালক জো কেন্ট।

তার সোজাসাপ্টা প্রশ্ন, বিদেশি স্বার্থ এবং বড় করপোরেট লবিগুলোর স্বার্থ রক্ষায় এই যুদ্ধে জড়িয়ে সাধারণ মার্কিন জনগণ আসলে কী পেল? গত শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কড়া ভাষায় এই প্রশ্ন তোলেন সাবেক এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযানকে একটি ‘আগ্রাসী যুদ্ধ’ হিসেবে অভিহিত করে জো কেন্ট বলেন, নিজ দেশের মানুষের মৌলিক প্রয়োজন, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধিকে বিসর্জন দিয়ে আরও একটি বিদেশি যুদ্ধে জড়ানোর মধ্যে বুদ্ধিমত্তার কোনো ছিটেফোঁটাও নেই। তার মতে, এই যুদ্ধ কেবল বিদেশি স্বার্থ এবং বড় করপোরেট গোষ্ঠীগুলোরই কাজে আসছে।

কেন্ট উল্লেখ করেন, ইরান যুদ্ধে এ পর্যন্ত মার্কিন করদাতাদের ৪৭ বিলিয়ন ডলারের বেশি অর্থ খরচ হয়ে গেছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অভ্যন্তরীণ বাজারে। যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা সাধারণ মার্কিন পরিবারগুলোর ওপর অতিরিক্ত ও অসহনীয় আর্থিক চাপ তৈরি করেছে। এই অর্থ নতুন কোনো যুদ্ধে অপচয় না করে দেশের ভেঙে পড়া অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করলে জনগণের প্রকৃত কল্যাণ হতো।

যুক্তরাষ্ট্রের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিষয়টি নতুন করে বোঝার কিছু নেই। ২০০১ সালের ৯/১১-এর সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া দীর্ঘমেয়াদি যুদ্ধগুলো থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা নেওয়া উচিত ছিল। ওই যুদ্ধগুলোতে যুক্তরাষ্ট্রের প্রায় আট থেকে নয় ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে। কিন্তু এত বিপুল অর্থ খরচের পরও যুক্তরাষ্ট্র আগের চেয়ে নিরাপদ কোনো অবস্থানে যেতে পারেনি।

আক্ষেপ প্রকাশ করে কেন্ট বলেন, ‘ওই যুদ্ধগুলোতে সাত হাজারের বেশি মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন। বিনিময়ে দেশ কী পেয়েছে? সেসব যুদ্ধের মাত্র হাতেগোনা কয়েকটি অভিযান ৯/১১-এর হামলার জন্য প্রকৃত দায়ীদের লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।’

জো কেন্টের মতে, বিদেশে একের পর এক অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের প্রকৃত প্রয়োজন ও নিরাপত্তাকে চরমভাবে উপেক্ষা করছে। অথচ যেকোনো সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত নিজ দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা।

পোস্টের শেষে তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘নিজ দেশের মানুষের প্রয়োজন, নিরাপত্তা ও সমৃদ্ধিকে বিসর্জন দিয়ে আরেকটি বিদেশি যুদ্ধে জড়ানোর মধ্যে বুদ্ধিমত্তা বা রক্ষণশীলতার কোনো ছিটেফোঁটাও নেই। কারণ, এই যুদ্ধ কেবল বিদেশি স্বার্থ ও করপোরেট লবিগুলোরই কাজে আসছে।’

সূত্র: মেহের নিউজ