ইসরায়েলের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা তিবি
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব সংসদ সদস্য ও তা’আল পার্টির চেয়ারম্যান আহমেদ তিবি। এই নির্বাচনকে ‘জয়েন্ট লিস্ট’ জোটের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ডানপন্থী ইয়িসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদোর লিবারম্যান নেসেটের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচিত হওয়ার পর আহমেদ তিবি বলেন, ১১টি আসন পাওয়া জয়েন্ট লিস্টের জন্য ডেপুটি স্পিকারের পদটি একটি ন্যায্য অধিকার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তাঁর এই নির্বাচন ঠেকানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, তবে শেষ পর্যন্ত তাঁদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
তিবি আরও জানান, পার্লামেন্টের প্রতিটি সংসদীয় কমিটিতে জয়েন্ট লিস্টের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে। উল্লেখ্য, ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দুটি জোট—জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) গত মাসের নির্বাচনে মোট ১৯টি আসনে জয়লাভ করে। চলতি মাসের শুরুতে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিলে এই জোটটি তাঁকে সমর্থন জানায়।
এদিকে, রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের আহ্বান জানিয়েছেন আহমেদ তিবি। ইসরায়েলের সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি তাঁদের বিরুদ্ধে ‘মাফিয়া-সুলভ আচরণের’ অভিযোগ তোলেন।
ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নেসেট নির্বাচনের ঠিক আগে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ ইসরায়েলে ‘রা’আম’ দলের তিনজন কর্মী ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ভাউচার বহন করছেন।
এই অভিযোগের পরপরই পুলিশ ওই তিন কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এক কর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছিল। তবে অভিযোগ উঠেছে, কোনো ধরনের বৈধ তল্লাশি বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাঁদের আটক করা হয়েছিল।
এ ঘটনার তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আহমেদ তিবি লেখেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নন, এমনকি নেতানিয়াহুও নন।’ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তিনি দ্রুত ফৌজদারি তদন্তের দাবি জানান।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে প্রথমবারের মতো ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য নির্বাচিত হন আহমেদ তিবি। এর আগে ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি নেসেটের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এআইএল/সকালবেলা