দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলির ঘটনায় ১৭ জনের প্রাণহানি

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলির ঘটনায় ১৭ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি রক্তক্ষয়ী গোলাগুলির ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দেশটির পুলিশ প্রশাসন এই মর্মান্তিক হতাহতের খবর নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, রাজধানী প্রিটোরিয়ার কাছে জেফসভিলে নামের একটি দরিদ্র বসতিতে একটি ঝুপড়ি ঘরের ভেতর থেকে মোট নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সকলের শরীরেই আঘাতের ও গুলির গভীর চিহ্ন রয়েছে।

এর পাশাপাশি, পিটারমারিটজবার্গ শহরের বাইরে সুইটওয়াটার্স এলাকায় একটি প্রাইভেট কারের ভেতর থেকে আরও আটজনের মরদেহ উদ্ধার করা হয়। চারপাশ থেকে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া ওই গাড়িটির ভেতর থেকে হতাহতদের উদ্ধার করে পুলিশ। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দুটি নৃশংস গোলাগুলির ঘটনার সুনির্দিষ্ট কারণ বা নেপথ্যের প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রিটোরিয়ার জেফসভিলে এলাকার গোলাগুলির ঘটনাটি গত রবিবার রাতে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অন্যদিকে, পিটারমারিটজবার্গের ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে যে তারা এখনো নিহত ব্যক্তিরা কিংবা সন্দেহভাজন হামলাকারীদের সঠিক পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, দেশটিতে সক্রিয় বিভিন্ন অপরাধী চক্রের (গ্যাং) অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলাগুলো ঘটেছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় অপরাধী চক্রের সঙ্গে জড়িত বড় ধরনের সহিংসতার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডারবান উপকূলীয় শহরের কাছাকাছি একটি দরিদ্র এলাকায় তিনজন সশস্ত্র বন্দুকধারী একটি ছোট বাড়িতে ঢুকে পার্টিতে অংশ নেওয়া মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। ওই হামলায় এক গর্ভবতী নারীসহ অন্তত ১১ জন প্রাণ হারিয়েছিলেন। এছাড়া গত জুনে জোহানেসবার্গের একটি দরিদ্র এলাকায় একাধিক বন্দুকধারীর হামলায় নিহত হন ১২ জন। তারও আগে গত বছরের ডিসেম্বরে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সংঘটিত দুটি বড় গোলাগুলির ঘটনায় ২১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল, যেগুলোর সঙ্গেও একাধিক বন্দুকধারী ও অপরাধ চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছিল।

সকালবেলা/ নুসরাত