মিত্রদের অনুরোধে আপাতত ইরানে হামলা বন্ধ : ট্রাম্প
অনলাইন ডেস্ক: সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি চাইলে এখনই যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের বিশেষ অনুরোধের কারণেই তিনি ইরানের ওপর সরাসরি বড় হামলা থেকে বিরত থেকে কেবল অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছেন।
ট্রাম্প বলেন, “সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত যেন পরিস্থিতি এভাবেই চলতে দিই। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষেই মত দিয়েছে।” তবে উপসাগরীয় দেশগুলোর এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না—তা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করে ট্রাম্প যোগ করেন, “আমি নিশ্চিত নই যে তাদের সঙ্গে আমি পুরোপুরি একমত কি না।” উপসাগরীয় দেশগুলো এমন অনুরোধ না জানালে তিনি ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্টতই বলেন, “হ্যাঁ, চালাতাম।”
ইরানের বিরুদ্ধে নিজের সামরিক সক্ষমতার হুংকার দিয়ে ট্রাম্প দাবি করেন, এখন পর্যন্ত দেশটির প্রধান জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে বড় ধরনের হামলা চালানো থেকে যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই বিরত রয়েছে। তাঁর ভাষ্যমতে, “এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ করে দিতে পারি। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস করতে পারি। আর এক দিনেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ করে দিতে পারি। আমার মাত্র তিন দিন লাগবে।”
এদিকে চলমান এই সংঘাত ও যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় তা দেশের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও স্বীকার করেছেন ট্রাম্প। তা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান ও হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের রাজনৈতিক অবস্থান বজায় রেখেছেন তিনি।