আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকে পড়া ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকে পড়া এই ১৩টি ভারতীয় জাহাজের মধ্যে একটি এলপিজিবাহী ট্যাংকার, ৫টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার, ৩টি কনটেইনার জাহাজ, ২টি বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজার রয়েছে।
উপেশ কুমার শর্মা জানান, এই অভিযানের একমাত্র উদ্দেশ্য হলো আটকে থাকা জাহাজগুলো নিরাপদে ভারতে ফিরিয়ে আনা। জাহাজগুলো উদ্ধার করতে ভারতের কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং ভারতের সামুদ্রিক স্টেকহোল্ডাররা সমন্বিতভাবে কাজ করছেন।
ইতিমধ্যে প্রায় ২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেলবাহী ‘নিসোস কেরোস’ নামক একটি ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি থেকে বের হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তনমের দিকে রওনা হয়েছে বলেও জানান উপেশ কুমার। জাহাজটি গত ২৫-২৬ মে অঞ্চলটি ত্যাগ করে।
কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা এই জাহাজগুলোতে মোট ৩ হাজার ৪০০ জন নাবিক এবং ক্রু রয়েছেন। তাঁদের সবাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা এই জরুরি অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারতের সাধারণ জনগণের জ্বালানি নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ; সেই সঙ্গে আটকে থাকা ভারতীয় নাবিক-ক্রুদেরও দেশে ফিরিয়ে আনা জরুরি।”