দেশের বাজারে সোনার দামে বড় পতন
অনলাইন ডেস্ক: দেশের বাজারে আবারও বড় ব্যবধানে কমানো হয়েছে মূল্যবান ধাতু সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম কমে যাওয়ায় বাজুস প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা হ্রাস করে নতুন মূল্য নির্ধারণ করেছে।
আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর জরুরি বৈঠকে সোনার দাম কমানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নির্ধারিত এই দর আজ রবিবার সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী: ২২ ক্যারেট: ভ্যাটসহ প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। সনাতন পদ্ধতি: সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমানোর পর দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এর আগে গত ২৩ অক্টোবর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভ্যাটসহ প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দর ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে আন্তর্জাতিক ও দেশীয় তেজাবি বাজার পরিস্থিতিতে দুই দিনের ব্যবধানে আবারও সোনার দামে এই বড় ধরনের পতন লক্ষ্য করা গেল।
সকালবেলা / নুসরাত