বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের, কড়া হুঁশিয়ারি তেহরানের

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ণ
বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের, কড়া হুঁশিয়ারি তেহরানের

অনলাইন ডেস্ক: বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নতুন করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে ইরানের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপ নেওয়া হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, বাহরাইনে অবস্থিত ‘শেখ ইসা’ বিমানঘাঁটির জ্বালানি মজুতাগার, সরঞ্জামের গুদাম এবং সেনা আবাসন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া জর্ডানের ‘মুওয়াফফাক সালতি’ (আল-আজরাক) ঘাঁটির উড়োজাহাজ রাখার হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও সেনাদের বাসস্থানে সফলভাবে আঘাত হানা হয়েছে বলে তারা নিশ্চিত করেছে।

একদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের সামরিক উত্তেজনা যখন চরমে, অন্যদিকে ঠিক একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে তেহরান।

শুক্রবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক কাউন্সিলে যোগ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আয়োজক দেশ কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।

সংস্থাটির এই বার্ষিক সম্মেলনে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান ও ইরানসহ সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত রয়েছেন। সম্মেলন স্থল থেকে একটি ছবি প্রকাশ করেছেন আব্বাস আরাগচি, যেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভসহ অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে তাঁকে দেখা যায়।

উল্লেখ্য, চীন ও রাশিয়ার উদ্যোগে গঠিত বহুপক্ষীয় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা ‘এসসিও’ সদস্য দেশগুলোর পারস্পরিক আস্থা বৃদ্ধি, বাণিজ্য উন্নয়ন এবং নতুন কৌশলগত হুমকি মোকাবিলায় কাজ করে থাকে।

মন্তব্য করুন