রাজনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও একাধিক পরোয়ানাভুক্ত ফেরারি আসামি টোকন ওরফে টুনু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে রাজনগর উপজেলার ২ নম্বর উত্তরভাগ ইউনিয়নের চেলারচক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত টুনু মিয়ার বিরুদ্ধে বড়লেখা থানার এক ডাকাতি মামলায় (জিআর-১১/০৭, দায়রা-৫৭/১১) বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় বহাল ছিল।
এছাড়া রাজনগর থানার একাধিক মামলায় (জিআর-২৪০/২০, জিআর-৫৫/১৮ ও জিআর-১৩৫/২৩) ডাকাতির অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর নেতৃত্বে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার নির্দেশনা অনুযায়ী অভিযানটি পরিচালিত হয়। এসআই তাপস বনিক ও এএসআই মো. জাহাঙ্গীর আলমের সমন্বয়ে গঠিত পুলিশের একটি ক্ষিপ্র দল বৃহস্পতিবার রাতে চেলারচক এলাকায় ঘেরাও করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রাজনগর থানা পুলিশ নিশ্চিত করেছে, প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে আজ শুক্রবার (২৪ জুলাই) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|