কটিয়াদীতে মাদক ব্যবসায়ী আটক, সংবাদ সংগ্রহে পুলিশের বাধার অভিযোগ

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ণ
কটিয়াদীতে মাদক ব্যবসায়ী আটক, সংবাদ সংগ্রহে পুলিশের বাধার অভিযোগ

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে গাঁজাসহ এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনকালে এক সংবাদকর্মীকে ভিডিও চিত্র ধারণে পুলিশ বাধা দিয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রের কোনা গ্রাম থেকে সবুজ মিয়া (৪৫) নামের ওই ব্যক্তিকে প্রায় ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে স্থানীয় জনতা। পরবর্তীতে তাকে কটিয়াদী মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটক সবুজ মিয়া একই গ্রামের মৃত মো. দুদু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সবুজ মিয়া দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর এই অপতৎপরতার কারণে স্থানীয় উঠতি বয়সের যুবসমাজ মাদকে আসক্ত হয়ে ধ্বংসের মুখে ঠেলে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এলাকাবাসী তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান।

ঘটনার খবর পেয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নির্দেশনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

তবে উক্ত ঘটনার সংবাদ ও ফুটেজ সংগ্রহ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছেন দৈনিক সংবাদের এই প্রতিবেদক। অভিযোগসূত্রে জানা যায়, নিজের পেশাগত পরিচিতি নিশ্চিত করার পরও ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্য রতন ভিডিও চিত্র ধারণ করতে নিষেধ করেন এবং বাধা প্রদান করেন। এর ফলে তথ্য ও ভিডিও সংগ্রহের সার্বিক প্রক্রিয়া বিঘ্নিত হয়।

সংবাদ সংগ্রহে বাধার প্রদানের বিষয়ে জানতে চাইলে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, "বিষয়টি নিয়ে আমরা তদন্ত করব এবং তদন্ত সাপেক্ষে যতটুকু আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা গ্রহণ করা হবে।"

তবে একজন গণমাধ্যমকর্মীকে পেশাগত কাজ পরিচালনায় বাধা দেওয়ার পেছনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে থানা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর কোনো স্পষ্ট ব্যাখ্যা বা মন্তব্য পাওয়া যায়নি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন