শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’
বিনোদন প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির নাট্যকর্মকে দর্শকদের মাঝে ছড়িয়ে দিতে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’।
আগামীকাল ২৫ জুলাই (শনিবার) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে চার দিনব্যাপী এই উৎসবের পর্দা উঠবে।
‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘বাঁশরী’। চার দিনের এই আয়োজনে কবি নজরুল ইসলামের কালজয়ী ১০টি নাটক মঞ্চস্থ হবে।
শনিবার বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার মূল হলে উৎসবের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের শুভ উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইসরাফিল শাহিন। বাঁশরী’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। এতে স্বাগত বক্তব্য দেবেন উৎসব সমন্বয়ক ও নাট্য নির্দেশক গোলাম সারোয়ার।
উদ্বোধনী দিনেই মঞ্চায়িত হবে সাজ্জাদ সাজু নির্দেশিত ও বাঁশরী রেপার্টরী থিয়েটার প্রযোজিত বিশেষ নাটক ‘বনের মেয়ে পাখি’। নাটকটির গল্পে বাঘের আক্রমণ থেকে উদ্ধার হওয়া এক শিশুকন্যার হারানো পরিচয় ফিরে পাওয়ার অ্যাডভেঞ্চার ও অতিপ্রাকৃত মানবিক মেলবন্ধন তুলে ধরা হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা কামরুল হাসান, শামীমা শওকত লাভলী, জুবায়ের জাহিদ, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজুসহ আরও অনেকে।
উৎসবের বাকি দিনগুলোতে পর্যায়ক্রমে পরিবেশিত হবে—‘আলেয়া’, ‘পুতুলের বিয়ে’, ‘বউয়ের বিয়ে’, ‘সকাল বেলার পাখি’, ‘সেতু-বন্ধ’, ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’ এবং ‘হারাধনের বিয়ে’ সহ বেশ কিছু আলোচিত নাটক। ঢাকা ও ঢাকার বাইরের একাধিক খ্যাতনামা নাট্যদল এসব নাটক পরিবেশন করবে।
নাটক মঞ্চায়নের পাশাপাশি প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মূল হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উন্মুক্ত সাংস্কৃতিক পরিবেশনা। এতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করবেন দেশের শীর্ষস্থানীয় কবি ও শিল্পীবৃন্দ।
উৎসবের আয়োজক বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান জানান, কাজী নজরুলের সুবিশাল নাট্যভাণ্ডারের সঙ্গে নাগরিক সমাজের পরিচয় করিয়ে দেওয়ার ধারাবাহিকতায় এই দ্বিতীয় আসরের আয়োজন করা হয়েছে। উৎসবের সমন্বয়ক ও নাট্য নির্দেশক গোলাম সারোয়ার আশা প্রকাশ করেন, কবির লেটো শিল্পের রূপ ও নাট্যধারা দর্শকদের নতুনভাবে উদ্বুদ্ধ করবে। আগামী ২৮ জুলাই সমাপনী আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি শেষ হবে।
|