রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নোয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সমন্বিত অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, তাজা গুলি ও মাদকসহ নানা অপরাধে জড়িত ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতদের মধ্যে অনলাইন জুয়া চক্রের ৭ জন সক্রিয় সদস্য এবং পরোয়ানাভুক্ত ১ আসামি রয়েছে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টেকনাফের নোয়াপাড়া রেজিস্টার্ড এফডিএমএন ক্যাম্পে এই যৌথ চিরুনি অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

উক্ত অভিযানের সার্বিক নির্দেশনায় ছিলেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার। এছাড়াও যৌথ দলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আরআরআরসির প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত থেকে তদারকি করেন।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর এই সমন্বিত উদ্যোগ ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র ও মাদক চোরাচালান এবং অবৈধ অনলাইন জুয়াসহ যাবতীয় অপরাধ দমনে কার্যকারী ভূমিকা রাখছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের নির্মূলে ভবিষ্যতে এ ধরনের বিশেষ অভিযান জারি থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন