‘ইরানের কোনো তাড়াহুড়ো নেই’

‘ইরানের কোনো তাড়াহুড়ো নেই’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় এখন ‘বল যুক্তরাষ্ট্রের কোর্টে’ এবং ইরান কোনো তাড়াহুড়োয় নেই। একটি অবগত সূত্রের বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

সূত্রটি দাবি করেছে, ইরান আলোচনায় ‘যুক্তিসংগত প্রস্তাব ও উদ্যোগ’ উপস্থাপন করেছে এবং এখন যুক্তরাষ্ট্রের উচিত বাস্তবসম্মতভাবে বিষয়গুলো বিবেচনা করা। খবর আল জাজিরার। প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনায় যুক্তরাষ্ট্র যেমন ভুল হিসাব করেছে, তেমনি যুদ্ধের ক্ষেত্রেও একই ধরনের ভুল করেছে। একইসঙ্গে সতর্ক করে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘যৌক্তিক চুক্তিতে’ সম্মত না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না।

সূত্রটি জোর দিয়ে বলে, ইরান কোনো তাড়াহুড়োয় নেই। এদিকে, সম্ভাব্য পরবর্তী দফা আলোচনার জন্য এখনও কোনো তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল, তা দুই সপ্তাহের জন্য স্থগিত থাকা অবস্থায় এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এবং বিশ্ব অর্থনীতিতে আঘাত হানা এই সংঘাত গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির পর সাময়িকভাবে বন্ধ হয়। সূত্র: তাসনিম নিউজ ও আল জাজিরা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন