বেইজিংয়ে শেষ হলো বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ণ
বেইজিংয়ে শেষ হলো বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬

অনলাইন ডেস্ক: ‘ম্যান্ডারিন: শুধু একটি ভাষা নয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬’ গত ১৫ নভেম্বর সফলভাবে সমাপ্ত হয়েছে। বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা শিক্ষাবিদ, গবেষক ও ভাষাপ্রেমীদের সরব উপস্থিতিতে সম্মেলনটি আন্তর্জাতিক সংস্কৃতির মেলবন্ধনে পরিণত হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জং। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চীনের শিক্ষামন্ত্রী ড. হুয়াই চিনপেং।

উদ্বোধনী ভাষণে চীনা ভাইস প্রেসিডেন্ট হান জং বলেন, চীনা ভাষার আদি ভূমি হিসেবে চীন বরাবরই উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি, পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক কল্যাণভিত্তিক সহযোগিতার নীতি অনুসরণ করে আসছে। আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষার প্রসারে এবং সার্বিক সহযোগিতা সম্প্রসারণে চীন সর্বদা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষার গুণগত মান ও পরিধি বাড়াতে তিনি প্রধানত চারটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো—

১. আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষার সার্বিক সক্ষমতা বৃদ্ধি করা।

২. চীন ও অন্যান্য দেশের মধ্যকার সংযোগ ও সহযোগিতার মানবিক ও সাংস্কৃতিক ভিত্তি আরও সুদৃঢ় করা।

৩. বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা, অভিজ্ঞতা বিনিময় এবং অভিন্ন উন্নয়ন উৎসাহিত করা।

৪. চীনা ভাষার মাধ্যমের কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরালো করা।

সম্মেলনে জানানো হয়, বর্তমানে চীনের বাইরে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২১ কোটি মানুষ চীনা ভাষা শিখছেন কিংবা দৈনন্দিন ও পেশাগত কাজে ব্যবহার করছেন। এই বিশাল জনগোষ্ঠীর অনেকের ক্ষেত্রেই চীন সম্পর্কে অন্তহীন কৌতূহল ও আগ্রহ থেকেই ভাষাটি শেখার যাত্রা শুরু হয়। চীনা ভাষা শেখার মাধ্যমে তাঁরা যেমন দেশটির আরও কাছাকাছি পৌঁছানোর সুযোগ পাচ্ছেন, তেমনি এর সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কেও গভীর ধারণা লাভ করছেন।

বর্তমানে বিশ্বের ৯২টি দেশ তাদের নিজ নিজ জাতীয় শিক্ষাব্যবস্থায় চীনা ভাষাকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনা ভাষা কেবল বিভিন্ন দেশের মানুষ ও সংস্কৃতির মধ্যে পারস্পরিক সেতুবন্ধনই তৈরি করছে না, বরং এটি আধুনিক শিক্ষা, পেশাগত দক্ষতা অর্জন এবং ব্যক্তিগত ও কর্মজীবনের উন্নয়নে নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।