কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিকে জরিমানা
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অননুমোদিত রং ব্যবহার করে খাদ্যসামগ্রী প্রস্তুতের অভিযোগে ‘রূপালী বেকারি’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কটিয়াদী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, রূপালী বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রস্তুতের পাশাপাশি অননুমোদিত ও ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ বলেন, “খাদ্য প্রস্তুতকারকদের স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রির জন্য কঠোর নির্দেশনা রয়েছে। জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এআইএল/সকালবেলা