যৌতুকের মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ণ
যৌতুকের মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী

পঞ্চাশ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। আজ বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রাহী। পরে উভয়পক্ষের মধ্যে আপসের শর্তে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৭ আগস্ট ৩০ লাখ টাকা দেনমোহরে ফাহিমা আক্তারের সঙ্গে তানভীর রাহীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই একটি ‘করোলা ক্রস’ গাড়ি কেনার জন্য স্ত্রীর পরিবারের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি যৌতুকের দাবিকে কেন্দ্র করে ফাহিমাকে শারীরিকভাবে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করে সহায়তা চান এবং লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১ মার্চ আজিমপুর এলাকায় ফাহিমা ও তার মায়ের সামনে আবারও ৫০ লাখ টাকা দাবি করেন রাহী। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তালাকের হুমকি দেন এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন