‘আনন্দ মেলা’র লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ববিতা
বিনোদন ডেস্ক : উপ-মহাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি অভিনেত্রী ববিতাকে বিশেষ রাষ্ট্রীয় মর্যাদাসম্পন্ন সম্মানে ভূষিত করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠান ‘আনন্দ মেলা’। আগামী ২৬ জুলাই লস অ্যাঞ্জেলেসে বিশ্ব চলচ্চিত্রের কেন্দ্রবিন্দু হলিউডের পাদদেশে জমকালো আয়োজনে অনুষ্ঠিতব্য ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’-এ তাঁকে এই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা) প্রদান করা হবে।
আজ শুক্রবার (২২ মে) সকালে আনন্দ মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই গৌরবময় আন্তর্জাতিক অর্জনের খবরটি নিশ্চিত করা হয়েছে।
এই অনন্য সম্মাননা প্রদান উপলক্ষে সম্প্রতি রাজধানী ঢাকায় ববিতার নিজস্ব বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ‘আনন্দ মেলা’র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী। এ সময় তিনি কিংবদন্তি এই অভিনেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আমেরিকার মূল অনুষ্ঠানে সশরীরে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ও সম্মাননা স্মারক হস্তান্তর করেন।
চ্যারিটি অর্গানাইজেশন আনন্দ মেলা-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খান মোহাম্মদ আলী জানান, সম্প্রতি তাঁদের বাংলাদেশ সফরকালে ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ববিতাকে এই বিশেষ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়টি সর্বসম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি অত্যন্ত আনন্দের সাথে জানান, ববিতা এই আন্তর্জাতিক অনুষ্ঠানে সশরীরে অংশগ্রহণ করার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ায় তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, প্রটোকল এবং সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও আবেগঘন কণ্ঠে বলেন, “বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম বড় অহংকার ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করা ববিতা আপাকে এই সম্মাননা দিতে পেরে আমরা প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত গর্বিত বোধ করছি।” একই সঙ্গে এই পুরো প্রক্রিয়াটি সফল করতে প্রখ্যাত বিনোদন সাংবাদিক অভি মঈনুদ্দীনের বিশেষ ও আন্তরিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ববিতার সঙ্গে সাক্ষাৎ শেষে আনন্দ মেলা’র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “ববিতার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও অস্কারজয়ী পরিচালকের সিনেমায় কাজ করা একজন মহান অভিনেত্রী আমাদের লস অ্যাঞ্জেলেসের মূল অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন, এটি আমাদের পুরো সংগঠনের জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও ঐতিহাসিক একটি বিষয়। সরাসরি তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আমন্ত্রণ জানাতে পেরে আমি ব্যক্তিগতভাবে আবেগাপ্লুত।”
তিনি ববিতার ব্যক্তিত্বের প্রশংসা করে আরও যোগ করেন, “সারা জীবন রূপালী পর্দার দর্শক হিসেবে শুনে এসেছি এবং জেনে এসেছি যে— বাংলা চলচ্চিত্রে ববিতা একজনই হয়। আজ তাঁর সঙ্গে মুখোমুখি বসে কিছুটা ব্যক্তিগত সময় কাটানোর পর আমিও মনে-প্রাণে বলতে বাধ্য হচ্ছি, সত্যিই আমাদের ববিতা একজনই। তিনি শুধু আমাদের চলচ্চিত্রের গর্ব নন, তিনি গোটা বাংলাদেশের আন্তর্জাতিক গর্ব।”
জান্নাত সকালাবেলা