জুলাইয়ে ঢাকায় গাইবেন আতিফ আসলাম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ
জুলাইয়ে ঢাকায় গাইবেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারো ঢাকায় সুরের মূর্ছনা ছড়াতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’ আগামী ২৪ জুলাই ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টটির নতুন তারিখ নিশ্চিত করেছে। গত বছর কনসার্টটি স্থগিত হওয়ায় দর্শকদের কাছে করা প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’-এর পরিচালক কাজী রাফসান জানান, সব ধরনের প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর দর্শকদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রক্ষা করতে পেরে আমরা আনন্দিত। যারা আমাদের ওপর আস্থা রেখে অপেক্ষা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

কনসার্টটি নিয়ে যারা গত বছর টিকিট সংগ্রহ করেছিলেন, তাদের জন্য কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ

যারা গত বছর টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই। তাদের শুধু mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘Re-Apply’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যাচাই-বাছাই শেষে বিনামূল্যে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং হোম ডেলিভারির মাধ্যমে তা পৌঁছে দেওয়া হবে। যারা ইতিপূর্বে টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি, তারাও চাইলে উক্ত ওয়েবসাইটে গিয়ে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন।

কনসার্টের ভেন্যু সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে খুব দ্রুতই তা জানানো হবে বলে নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মানের এই কনসার্টটি নিয়ে সঙ্গীতপ্রেমীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন