নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ‘নকল’ নামক কোনো ব্যবস্থা আর নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, “নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই, সেটি শেষ হয়ে গেছে। এখন আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার গুণগত মানোন্নয়ন।” অতীতে বিভিন্ন শিক্ষা বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের যে পদ্ধতি ছিল, তা প্রশ্নফাঁসের আশঙ্কায় করা হতো উল্লেখ করে মন্ত্রী বলেন, “প্রশ্নফাঁস হতে দেওয়া হবে না। যারা এই অপরাধে জড়িত হবে, তাদের এমন শাস্তির আওতায় আনা হবে যা সারা জীবন মনে রাখবে।”

বর্তমান সরকারের লক্ষ্য নিয়ে মন্ত্রী বলেন, “আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে যে শিক্ষাব্যবস্থা প্রয়োজন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা সেটিই বাস্তবায়ন করছি।” তিনি ঘোষণা দেন যে, এখন থেকে সকল পাবলিক পরীক্ষার ফল দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে এবং ফলাফল প্রকাশের পরপরই দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

উচ্চশিক্ষার মান নিয়ে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “চার বছরের কোর্স চার বছরেই শেষ করতে হবে। কোনো সেশনজট থাকবে না। উপাচার্যদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, ব্যর্থ হলে তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।” তিনি স্পষ্টভাবে জানান, শিক্ষা ব্যবস্থায় কোনো প্রকার দুর্বলতা সহ্য করা হবে না।

বরিশাল বোর্ডের অধীন ১৫০টি কেন্দ্রে ৬০ হাজারের বেশি পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে। সভায় বরিশাল বিভাগের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট এমপিরা উপস্থিত ছিলেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন