সিরাজগঞ্জে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: "আমাদের অঙ্গীকার একসাথে আওয়াজ তুলি মাদক কে না বলি" এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে মাদক বিরোধী সেমিনার, কুইজ, আবৃত্তি, প্রদর্শনী বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ’ এর উদ্যোগে গতকাল বুধবার (২৪ জুন) বেলা ১২টায় সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম (শাহীন)।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে আলোচনা করেন। তরুন প্রজন্ম ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে একটি সুস্থ, সুন্দর ও মেধাবী সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের শিক্ষিকা সুলতানা সালমা হোসেন, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহেল অফি এবং সহকারী প্রধান শিক্ষক শামীম আরা।
এছাড়াও জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও ফুলজোড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবু হাসিম তালুকদার এবং বিদ্যালয়ের শিক্ষিকা তানজিলা খাতুনসহ অনেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ বিন এমরান।
সেমিনার শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ, আবৃত্তি ও মাদকবিরোধী সচেতনতামূলক প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|