পার্বতীপুরে নদীতে ডুবে ৩ নারীর মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ
পার্বতীপুরে নদীতে ডুবে ৩ নারীর মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কালনদীতে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভাদুরীপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন (১৬), একই গ্রামের দুলালী খাতুন (২৩) ও সুরভী (১৩)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওই তিন নারী গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কালনদীর একটি অংশে নামেন। সাঁতার না জানার কারণে একপর্যায়ে তাঁরা নদীর তীব্র স্রোতে গভীর পানিতে তলিয়ে যান। দূর থেকে বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকাজ শুরু করেন। তবে নদী থেকে যখন তাঁদের টেনে তোলা হয়, ততক্ষণে তিনজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে বিষয়টি অবহিত করলে পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্বল্প সময়ের ব্যবধানে একই গ্রামের তিন তরুনীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় স্তব্ধতা নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের বুকফাটা আর্তনাদ আর আহাজারিতে নদীপাড়ের পরিবেশ ভারী হয়ে ওঠে। শোকাতুর পরিবারগুলোকে সান্ত্বনা দিতে শত শত প্রতিবেশী তাঁদের বাড়িতে ভিড় করছেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনাটিকে কেন্দ্র করে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন