রূপসী শ্রীমঙ্গল গানের মিউজিক ভিডিও প্রকাশ আসিফের
বিনোদন ডেস্ক : প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অপরূপ নৈসর্গিক রূপ, সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য এবং পর্যটন সম্ভাবনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একটি বিশেষ মিউজিক্যাল ভিজ্যুয়াল ‘রূপসী শ্রীমঙ্গল’। দেশের অন্যতম শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)-এর ব্যানার থেকে গানটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) দুপুরে ধ্রুব মিউজিক স্টেশনের পক্ষ থেকে গানটি প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।
বিশেষ এই লিরিক্যাল ও ভিজ্যুয়াল গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী সুপরিচিত কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। লন্ডনপ্রবাসী বিশিষ্ট গীতিকবি কায়েস আজিজের চমৎকার ও কাব্যিক কথামালায় গানটির সুর ও আন্তর্জাতিক মানের সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশেফ।
শ্রীমঙ্গলের চোখ জুড়ানো সবুজ চা বাগানসহ বিভিন্ন মনোরম ও ঐতিহাসিক লোকেশনে চিত্রায়িত এই মেগা গানটির দৃষ্টিনন্দন মিউজিক্যাল ভিজ্যুয়াল বা মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সৈকত রেজা। এতে প্রধান দুই চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন মডেল ফারহান খান রিও এবং সিফাত নুসরাত। পাশাপাশি ভিডিওর বিশেষ কিছু দৃশ্যে গায়ক আসিফ আকবর ও গায়িকা রুবাইয়াত জাহানের উপস্থিতিও দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে।
সম্প্রতি রাজধানী ঢাকার একটি অভিজাত মিলনায়তনে বর্ণিল ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই গানটির আনুষ্ঠানিক প্রকাশনা উৎসব ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিউজিক্যাল ভিজ্যুয়ালটির শুভ মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
এছাড়াও প্রকাশনা উৎসবে দেশের প্রথম সারির কণ্ঠশিল্পী, প্রথিতযশা গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং ধ্রুব মিউজিক স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন শেষে বক্তারা শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন শিল্পের বিশাল সম্ভাবনা এবং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে এমন চমৎকার ও শৈল্পিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজকেরা জানিয়েছেন, ‘রূপসী শ্রীমঙ্গল’ গানটি বর্তমানে ধ্রুব মিউজিক স্টেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি-বিদেশি সর্বস্তরের শ্রোতাদের জন্য বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।
জান্নাত সকালাবেলা