যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংশোধন সম্ভব: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংশোধন সম্ভব: সিলেটে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে সংশোধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে তিনি স্পষ্ট করেছেন যে, দুই সার্বভৌম রাষ্ট্রের এই চুক্তি একতরফা বা হুট করে পরিবর্তন করা সম্ভব নয়।

শুক্রবার (৮ মে ২০২৬) সকালে সিলেটের জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্রীয় চুক্তি ইচ্ছেমতো রদবদল করা যায় না। তবে বাস্তবায়নের সময় যদি দেখা যায় কোনো ধারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, তবে চুক্তির কাঠামোর ভেতরেই তা সংশোধনের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আবেগ নয়, বাস্তবতা ও কূটনৈতিক প্রক্রিয়াকে গুরুত্ব দিতে হয়।” তিনি আরও জানান, উভয় দেশের জন্য ‘উইন-উইন সিচুয়েশন’ বজায় রাখাই সরকারের লক্ষ্য।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়লেও এর প্রভাবে বাজারে পণ্যমূল্য যেভাবে বাড়ছে তা অযৌক্তিক। তিনি বলেন, “পরিবহন ব্যয়ের যে বাড়তি চাপ, তা হিসাব করলে পণ্যের ওপর প্রভাব খুবই সীমিত। কিন্তু বাজারে এক ধরনের ‘অনুমাননির্ভর মূল্যবৃদ্ধি’ (Speculative Inflation) হচ্ছে, যা কাম্য নয়।” যারা বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বা অসাধু তৎপরতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি।

সরকারি কলকারখানা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী সরকারের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, “সরকারের কাজ ব্যবসা করা নয়। অদক্ষতার কারণে সরকারি প্রতিষ্ঠানে লোকসান মানেই জনগণের টাকার অপচয়। তাই সরকার লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে যাতে কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধি পায়।”

সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান, যাতে বাজারে ভীতি ছড়িয়ে অসাধু ব্যবসায়ীরা ফায়দা লুটতে না পারে।

মন্তব্য করুন