রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং মাদক নির্মূলের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের ধারাবাহিক বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন থানায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মোট ৪৮টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর আটটি ক্রাইম বিভাগ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে এই অভিযান পরিচালনা করে।

বিভাগভিত্তিক গ্রেপ্তারের পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ১১৬ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া মতিঝিল বিভাগে ৭১ জন, ওয়ারী বিভাগে ৭০ জন, গুলশান ও উত্তরা বিভাগে ৫৬ জন করে, তেজগাঁও বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৯ জন এবং মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল এস্কাফ সিরাপ এবং ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে অপরাধকাজে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল ও নগদ ১৫ হাজার ৪০০ টাকা জব্দ করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে ও চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে এই বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন