ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের প্রত্যাহার এবং গ্রামমুখী মানুষের চাপের কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দীর্ঘ সময় ধরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা–সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে সহস্রাধিক যানবাহন আটকে আছে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
ট্রাফিক পুলিশ জানায়, ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বিপুলসংখ্যক মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ায় যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। তবে নির্বাচনী দায়িত্ব পালনে অধিকাংশ পুলিশ সদস্য মাঠে থাকায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে রয়েছে হাতে গোনা কয়েকজন।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস জানান, নির্বাচন উপলক্ষে প্রায় সব সদস্যকে ডিউটিতে পাঠানো হয়েছে। শিমরাইল এলাকায় বর্তমানে মাত্র দুজন পুলিশ দায়িত্ব পালন করছেন, ফলে যানজট নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান বলেন, ঢাকা–সিলেট মহাসড়কে চলমান সংস্কারকাজের কারণে সেখানকার যানজটের প্রভাব এই সড়কেও পড়েছে। পাশাপাশি নির্বাচনী ডিউটির কারণে জনবল সংকট দেখা দিয়েছে। তাঁর থানায় বর্তমানে মাত্র চারজন পুলিশ সদস্য দায়িত্বে রয়েছেন। তবুও যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
আই.এ/সকালবেলা
|