সিরাজগঞ্জে ১৭ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, উচ্ছ্বসিত ইসলাহুল উম্মাহ মাদ্রাসা

সিরাজগঞ্জে ১৭ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, উচ্ছ্বসিত ইসলাহুল উম্মাহ মাদ্রাসা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর অবস্থিত ইসলাহুল উম্মাহ মাদ্রাসা থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে শিক্ষার্থীরা। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ১১ জনসহ মোট ১৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এই ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জুবায়ের হোসেন এই অর্জনের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে একটি বড় অর্জন, যা তাদের ভবিষ্যতের পথ সুগম করবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সহায়তা করবে। এই সাফল্যের জন্য তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা নিয়মিত সন্তানদের মাদ্রাসায় আনা-নেওয়া করেন এবং প্রতিষ্ঠানের সাথে নিবিড় যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রেখেছেন।

প্রতিষ্ঠানটির আশা, এই ধারাবাহিক সাফল্য ইসলাহুল উম্মাহ মাদ্রাসাকে শিক্ষা ক্ষেত্রে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে। আগামী দিনে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষক ও পরিচালনা পর্ষদ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন