ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ণ
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক গ্রেপ্তার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হাসাননগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ধামাচাপা দেওয়া ও অপরাধে সহায়তার অভিযোগে স্থানীয় সাবেক এক ইউপি সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই ২০২৬) ভুক্তভোগী শিশুর পরিবারের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই ক্লাস শেষে ওই ছাত্রীকে ভবনের তিন তলার স্টোররুমে নিয়ে ধর্ষণ করেন প্রধান শিক্ষক মহিউদ্দিন। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে হত্যার হুমকি দেন অভিযুক্ত শিক্ষক। পরবর্তীতে বিষয়টি কাউকেই প্রকাশ না করার শর্তে হাতখরচ বাবদ তার হাতে ২০ টাকা ধরিয়ে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, ঘটনাটি জানাজানি হলে তা ধামাচাপা দিতে স্থানীয় সাবেক ইউপি সদস্য বাচ্চুসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গভীর রাতে ভুক্তভোগীর বাড়িতে যান এবং ঘটনাটি সমঝোতার বিনিময়ে ১০ হাজার টাকা প্রদানের প্রস্তাব দেন। কিন্তু শিশুটির পরিবার সেই প্রস্তাব প্রত্যাখান করে।

পরদিন সকালে শিশুটির স্বজনেরা বিষয়ে জানতে বিদ্যালয়ে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, তখন প্রধান শিক্ষক উল্টো ভুক্তভোগীর স্বজনদের ওপর চড়াও হন এবং তাঁর অনুসারীদের দিয়ে মারধর করে ভুক্তভোগী শিশুর মামা, দাদা ও দাদিকে আহত করেন।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মহিউদ্দিন দাবি করেন, "আমি কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নই। বিদ্যালয়ের বিস্কুট (ফিডিং) কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগতরা এসে ক্লাস চলাকালে আমার ওপর হামলা চালিয়েছে।"

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, "ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামি প্রধান শিক্ষকসহ দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন