এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের মিছিল, আটক ১০
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল শেষে ফেরার পথে হাইয়েস গাড়িসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝটিকা মিছিল সম্পন্ন করে একটি হাইয়েস মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার সময় তাঁদের ঘেরাও করে আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত যানবাহনটিও জব্দ করা হয়।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার সুষ্ঠু তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে আপাতত আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। মুন্সীগঞ্জ সদর এলাকা থেকে ইতিমধ্যে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীনগরে আটককৃত ১০ জনকেও সংশ্লিষ্ট মামলায় যুক্ত করে মুন্সীগঞ্জ সদরে পাঠানো হচ্ছে। সেখানে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা