বার কাউন্সিলের ফল প্রকাশ: গোবিপ্রবি থেকে ৮১ জন নবীন আইনজীবী

বার কাউন্সিলের ফল প্রকাশ: গোবিপ্রবি থেকে ৮১ জন নবীন আইনজীবী

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর আইন বিভাগের মোট ৮১ জন শিক্ষার্থী। ১৫ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত এই ফলাফল অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের চারটি ব্যাচের শিক্ষার্থীরা এই গৌরবময় সাফল্য অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের নবীন বিভাগ হওয়া সত্ত্বেও শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও শিক্ষার্থীদের মেধার সমন্বয়ে এই অর্জন সম্ভব হয়েছে। বিভাগীয় সূত্রে জানা গেছে:

  • বার কাউন্সিল: এ বছর মোট ৮১ জন শিক্ষার্থী অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

  • বিজেএস (জুডিশিয়ারি): এ পর্যন্ত এই বিভাগ থেকে ৩ জন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন।

  • সারাদেশে উত্তীর্ণ: সারা দেশ থেকে এবার মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

১৭তম বিজেএস-এ সুপারিশপ্রাপ্ত এবং বর্তমান সিভিল জজ (ভোলা) সাদিকুর রহমান রোমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "আমাদের বিভাগটি একদমই নবীন হলেও ইতোমধ্যে ৩ জন বিচারক ও প্রায় ১০০ জন আইনজীবী উপহার দিয়েছে। আমি নিজে জজ হিসেবে কর্মরত থাকলেও এবার এনরোলমেন্ট পেয়েছি। আমার বিশ্বাস, এই নবীন আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখবে।"

২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নব্য আইনজীবী মোঃ রিয়াদ আহমেদ ছোটদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলেন, "শুধুমাত্র গাইড বই বা নোটের ওপর নির্ভর না করে 'বেয়ার অ্যাক্ট' (মূল আইন) পড়ার অভ্যাস গড়তে হবে। সমাজে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।"

আইন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মানসুরা খানম বলেন, "অনেক সীমাবদ্ধতা ও চড়াই-উতরাই পেরিয়ে আমাদের ১০টি ব্যাচ বর্তমানে চলমান। এই অভাবনীয় সাফল্যে আমরা গর্ববোধ করছি। এটি আমাদের বিশ্ববিদ্যালয় ও বিভাগের জন্য অনেক বড় একটি প্রাপ্তি।"

সহযোগী অধ্যাপক ড. রাজিউর রহমান শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "আমাদের শিক্ষার্থীরা জুডিশিয়ারি, উচ্চশিক্ষা ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। এই সাফল্য বর্তমান শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা।"

উল্লেখ্য, উত্তীর্ণ প্রার্থীরা এখন থেকে দেশের যেকোনো আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশা পরিচালনার যোগ্যতা অর্জন করলেন। তবে পেশা শুরু করতে হলে আগামী ছয় মাসের মধ্যে তাঁদেরকে নির্দিষ্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন