নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
বিশেষ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি তাঁদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বরখাস্তকৃত দুজন হলেন—বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ আমান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় প্রাথমিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, শোকজ নোটিশে তার জবাব দিতে বলা হয়েছে। তবে নিপু ইসলাম তন্বীর বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এদিকে, বরখাস্ত হওয়া আমানুল্লাহ আমানের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। প্রশাসনের সিদ্ধান্তের পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না; সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী আমান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন এবং পরবর্তীতে কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি সোহাগ-জাকির কমিটির সদস্য এবং জয়-লেখক কমিটির গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক উপসম্পাদক ছিলেন। এ ছাড়া ছাত্রলীগের সর্বশেষ বর্ধিত কমিটিতে তাঁকে সহসভাপতি করা হয়েছে—এমন একটি বিতর্কিত চিঠিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি ২০২৪ সালের ৪ আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মিছিলেও আমান সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। এ ছাড়া নিয়মিত অফিস না করে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এবং আবাসনসংকটের মধ্যেও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৬৪ নম্বর কক্ষ একাই দখল করে থাকার মতো অনিয়মের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এআইএল/সকালবেলা