বরিশালে চাকরি মেলা
সাঈদ পান্থ, বরিশাল: বরিশালে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী সেমিনার ও চাকরি মেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে একদিকে যেমন ছিল ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা, অন্যদিকে ছিল নামী-দামী প্রতিষ্ঠানে সরাসরি চাকরির সুযোগ পাওয়ার বিশেষ প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহাসিন উদ্দিন। সেমিনারে বক্তারা বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মুন্সী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মো. আরিফুর রহমানসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
একই সময়ে হলরুমে অনুষ্ঠিত চাকরি মেলায় বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান স্টল সাজিয়ে অংশগ্রহণ করে। সেখানে চাকরিপ্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ পান। বিপুল সংখ্যক তরুণ-তরুণী এই মেলায় অংশ নিয়ে তাঁদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদের কাজের সুযোগ সম্পর্কে ধারণা লাভ করেন।
আয়োজকরা জানান, এই ধরনের মেলা শিক্ষার্থীদের কর্মসংস্থানের পথ সুগম করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও তাঁরা জানান।
এ.আই.এল/সকালবেলা
|