ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দীর্ঘ বিরতির পর আবারও হিমালয়ের চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ানোর স্বপ্ন নিয়ে এভারেস্ট অভিযানে নেমেছেন পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ভোরে কাঠমান্ডু থেকে লুকলা হয়ে তাঁর এই রোমাঞ্চকর যাত্রা শুরু হয়। নেপালের ‘এইটকে এক্সপেডিশন’-এর সঙ্গে প্রায় ৫০ দিনের এই দীর্ঘ অভিযানে তাঁর সঙ্গী হয়েছেন ফরাসি পর্বতারোহী কোয়েন্টিন এবং অভিজ্ঞ গাইড গণেশ দাই। ২০১৭ সালের পর এই প্রথম কোনো বাংলাদেশি নারী এভারেস্ট অভিযানে অংশ নিচ্ছেন।
যাত্রাপথের বর্ণনায় নিম্নি জানান, লুকলা থেকে নামচে বাজার হয়ে তিনি এখন এভারেস্ট বেজক্যাম্পের পথে। বসন্তের হিমালয় এখন রডোডেন্ড্রন আর চেরি ফুলে রঙিন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৪৪০ মিটার উঁচুতে অবস্থিত শেরপা শহর নামচে বাজারে দুই দিন অবস্থান করে উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া (অ্যাক্লাইমাটাইজেশন) শেষ করেছেন তিনি। সেখান থেকে ৩৮৬০ মিটার উচ্চতার এভারেস্ট ভিউ হোটেলে হাইকিং করার সময় প্রথমবারের মতো আমা দাবলাম, লোতসে ও এভারেস্টের দেখা পান তিনি। মে মাসের মাঝামাঝি সময়ে এভারেস্ট শৃঙ্গে আরোহণের চূড়ান্ত লক্ষ্য নিয়ে এগিয়ে চলছেন এই সাহসী নারী।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ