মৃত্যুকে জয় করে বিচারক হলেন মাদারীপুরের তাইজুল

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ণ
মৃত্যুকে জয় করে বিচারক হলেন মাদারীপুরের তাইজুল

নাজমুল হাসান, মাদারীপুর: পিতৃহীন শৈশব, অভাবের নির্মম কষাঘাত আর দুটি কিডনি অকেজো হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও জীবনযুদ্ধে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এস এম তাইজুল ইসলাম। সকল প্রতিকূলতা জয় করে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ১২০তম স্থান অর্জন করে সহকারী জজ (সিভিল জাজ) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব আলীপুর গ্রামের তাইজুল মাত্র আড়াই বছর বয়সে বাবাকে হারান। মা হাওয়া বেগম তিন সন্তানকে নিয়ে চরম দারিদ্র্যের মধ্যেও ছেলেকে বিচারক বানানোর স্বপ্ন দেখেছিলেন। জীবনের প্রতিটি ধাপে মেধার স্বাক্ষর রাখা তাইজুল ২০০৮ সালে দাখিল ও পরে ঢাকা কলেজ থেকে এইচএসসি-তে জিপিএ-৫ পান। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন।

সাফল্যের এই যাত্রাপথে ২০১৫ সালে আকস্মিকভাবে তাইজুলের দুটি কিডনিই অকেজো হয়ে পড়ে। চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন হয়ে পড়ে বিপুল অর্থ। এ সময় তাঁর মা, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তায় ২০১৭ সালে ভারতে সফল কিডনি প্রতিস্থাপন করা হয়। দীর্ঘ চিকিৎসাপর্ব শেষে ফিরে এসেই অংশ নেন বিজেএস পরীক্ষায় এবং লাভ করেন কাঙ্ক্ষিত সফলতা।

তাইজুলের এই সাফল্যে উল্লাসিত পুরো এলাকা। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মা হাওয়া বেগম বলেন, “আমার জীবনের একটাই সাধ ছিল ছেলে জজ হবে; আজ আমার কষ্ট সার্থক হয়েছে। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করছি।” নবনিযুক্ত বিচারক এস এম তাইজুল ইসলাম জানান, আল্লাহর সাহায্য, মানসিক শক্তি ও স্বজনদের ভালোবাসাই তাঁকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন