বর্ষা ঘিরে সিরাজদিখানে নৌকা তৈরির ধুম, ব্যস্ত কারিগররা
আসিফ বাঁধন, সিরাজদিখান প্রতিনিধি: বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকায় জমে উঠেছে দেশীয় নৌকা তৈরির কাজ। চারদিকে পানি বাড়তে শুরু করায় ছোট ডিঙি ও কোসা নৌকার চাহিদা আশঙ্কাজনক হারে বেড়েছে। ফলে নতুন নৌকা তৈরির পাশাপাশি পুরোনো নৌকা মেরামতেও ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কাঠমিস্ত্রি, কারিগর ও ব্যবসায়ীরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কাঠ চেরা, রান্দা দেওয়া এবং তারকাঁটা ও গজাল দিয়ে তক্তা জোড়া লাগানোর কাজে ব্যস্ত কারিগররা। নৌকা টেকসই করতে ব্যবহার করা হচ্ছে আলকাতরা ও মাটিয়া তেল। ইছাপুরা ইউনিয়ন পরিষদের পাশের নৌকার বাজারে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে নতুন তৈরি ডিঙি ও কোসা নৌকা, যেখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ভিড় করছেন ক্রেতারা।
বর্ষায় চরাঞ্চল ও নিচু এলাকার মানুষের যাতায়াত, হাট-বাজার এবং কৃষিপণ্য পরিবহনে নৌকাই প্রধান ভরসা। মধ্যপাড়া গ্রামের নৌকা নির্মাতা ভক্ত মন্ডল জানান, কড়ই, চাম্বল ও মেহগনি কাঠ দিয়েই এখন বেশি নৌকা তৈরি হচ্ছে। দুজন কারিগর দিনে দুটি ডিঙি নৌকা বানাতে পারেন। সাড়ে ৩ হাজার টাকা খরচে তৈরি একেকটি নৌকা বিক্রি হয় ৪ থেকে সাড়ে ৫ হাজার টাকায়।
ইছাপুরা বাজারের ব্যবসায়ী ইসলাম জানান, গত বছর পর্যাপ্ত পানি না থাকায় বেচাকেনা কম হলেও এবার ভালো বর্ষার আশায় ব্যবসায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন সবাই।
পরিবর্তিত আধুনিক যুগে নানা যানবাহন আসলেও নিচু এলাকার মানুষের দৈনন্দিন জীবন ও কৃষিকাজে দেশীয় নৌকার বিকল্প নেই। ফলে প্রতি বর্ষাতেই সিরাজদিখানের ঐতিহ্যবাহী এই শিল্পে ফিরে আসে নতুন কর্মচাঞ্চল্য।
এআইএল/সকালবেলা